পরনে ডায়াপার। হাতে প্লাস্টিকের ব্যাট। দুই চোখ সমান্তরালে। ব্যাক লিফটে স্থিরতা। পায়ের আঙুল থেকে নাক অবধি সরল রেখা টানলে ক্রিকেটীয় ব্যাকরণ কুর্নিশ করে। ড্রাইভে ‘ফ্রন্ট ফুটে’র ব্যবহার চোখের পাতায় ছড়িয়ে যায় শীতল হাওয়া। ডায়াপার পরে এভাবে ব্যাটিং করে ভাইরাল হওয়া সেই বিস্ময় শিশুর বাড়িতে হাজির হয়েছেন স্টিভ ওয়াহ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সাড়ে তিন বছরের খুদের নাম শেখ শহীদ। কলকাতার বাসিন্দা।
কাউকে কিছু না বলে শহীদের বাড়িতে হাজির হন কিংবদন্তি স্টিভ। জানিয়ে এসেছেন, তার কথা লিখবেন নিজের বইয়ে।
শহীদের ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন কেভিন পিটারসেন, মাইকেল ভন থেকে শুরু করে বিরাট কোহলির মতো তারকারা। পিটারসেন তো রসিকতার ছলে শহীদকে ভারতীয় দলে সুযোগ দেওয়ারও প্রস্তাব দেন কোহলিকে।
