ফাইনালের আগে অপহৃত হয়েছিলেন অশ্বিন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৫১ পিএম

ক্রিকেট খেলার জন্য ছেলেবেলায় অপহরণের শিকার হয়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অপহরণকারীরা সেদিন তার আঙুল কাটার হুমকি পর্যন্ত দেন।

ক্রিকবাজের সঙ্গে সাক্ষাৎকারে অশ্বিন সেই ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছেন, ‘আমাদের একটা টুর্নামেন্টে ফাইনালে খেলার কথা ছিল। সেই ম্যাচ খেলার জন্য আমি যখন সবে যাত্রা শুরু করব, সেই সময়ে চার-পাঁচজন ছেলে রয়্যাল অ্যানফিল্ড করে এসেছিল। তারা পেশিবহুল এবং দীর্ঘদেহী।’

অশ্বিন বলতে থাকেন, ‘ওরা আমাকে গাড়িতে বসিয়ে বলে এবার যেতে হবে। আমি পালটা জিজ্ঞাসা করেছিলাম, কোথায়? ওরা বলেছিল, তুমি আজকে ম্যাচ খেলছ, তাই তো? আমি ভেবেছিলাম, দারুণ বিষয় তো! ওরা হয়তো আমাকে পিকআপ করার জন্য এসেছে। রয়্যাল অ্যানফিল্ডে চাপতেও ভাল লেগেছিল। তব ঘটনা হল, দু-জনের পেছনে আমি বসার পরে আমারও পেছনে একজন এসে বসেছিল। আমি ওদের মাঝে পুরো স্যান্ডউইচ হয়ে গিয়েছিলাম।’

‘আমার বয়স তখন ১৪-১৫ বছর হবে। ওরা আমাকে একটা দামি চায়ের দোকানে নিয়ে যায়। চেন্নাইয়ে চায়ের দোকান সংস্কৃতির সঙ্গে জড়িয়ে। প্রত্যেক মাঠের সঙ্গে একটা চায়ের দোকান থাকে। সেখানে বেঞ্চে বসে রীতিমতো আড্ডার বন্দোবস্ত থাকে। ওরা আমাকে একটা বেঞ্চে বসিয়ে বাজ্জি, বড়া অর্ডার করেছিল। আমাকে বলেছিল, ভয় পেয়ো না, তোমাকে আমরা সাহায্য করতে এসেছি।’

কীভাবে, সেই ঘটনাই পরে বলেছেন তারকা স্পিনার, ‘বিকেল ৩.৩০-৪ টা হবে, আমি বলেছিলাম ম্যাচ শুরু হতে যাচ্ছে। এবার যাওয়া যাক। সেই সময়ে ওরা বলে, আমরা আসলে প্রতিপক্ষ দলের। তুমি যাতে খেলতে না পারো, সেই জন্য তোমাকে ধরে আনা হয়েছে। যদি তুমি এই ম্যাচে খেল, তাহলে আমরা তোমার আঙুল কেটে ফেলব!’

অশ্বিন পরে আর ওই ম্যাচ খেলার সাহস দেখাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত