সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায় নেপাল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০১:৪৩ এএম

ভারত ও ভুটানের পর এবার নেপালও ব্যবহার করতে চায় বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর। গতকাল বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করে এ বিমানবন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছেন সফররত নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গায়ওয়ালি। বৈঠকের পর দুই দেশের মন্ত্রীই নেপালের এ আগ্রহের কথা জানিয়েছেন।

এর আগে প্রতিবেশী ভারত ও ভুটান সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আগ্রহ দেখায়। ভুটানকে এ বিমানবন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে ইতিবাচক বক্তব্যও এসেছে। নেপালের প্রস্তাব নিয়েও বাংলাদেশ চিন্তা করছে বলে জানিয়েছেন টিপু মুনশি।

গতকাল সচিবালয়ে বৈঠকের পর টিপু মুনশি বলেন, বাংলাদেশ নেপালকে ট্রানজিট সুবিধা দিয়েছে। এখন সড়ক, নৌ ও আকাশপথ চালুর কাজ চলছে। নেপাল সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশ এ বিষয়ে চিন্তা করছে।

সচিবালয়ে সাক্ষাতের পর নেপালের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের তথ্য তুলে ধরে টিপু মুনশি বলেন, গত অর্থবছর নেপাল ৩ কোটি ৮০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে, রপ্তানি করেছে ১ কোটি ৮১ লাখ ডলারের। উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে, তা কাজে লাগাতে এফটিএ স্বাক্ষর করা হবে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে, নেপাল তারপরই অবস্থান করছে। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি এবং পর্যটক বিনিময়ের বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা উভয় দেশ এ সুযোগ কাজে লাগাতে চাই। ভারতের সহযোগিতায় নেপাল হাইড্রো পাওয়ার উৎপাদন করছে, যা বাংলাদেশে রপ্তানির সুযোগ রয়েছে। এফটিএ স্বাক্ষরিত হলে উভয় দেশের মধ্যে নতুন অর্থনৈতিক যুগের সূচনা হবে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব সংকর দাস বৈরাগী, ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. বানশিধর মিশ্র, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইয়াগা বাহাদুর হামালসহ অন্যান্য কর্মকর্তা। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত