শাহরুখের বিপরীতে ৮ কোটি রুপি হাঁকালেন কারিনা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩১ এএম

জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির পছন্দের অভিনেত্রীর তালিকায় প্রথম সারিতেই আছেন বলিউডের বেগম কারিনা কাপুর খান। হিরানির কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর নায়িকা ছিলেন কারিনা। হিরানি কাজের ব্যাপারে কতটা খুঁতখুঁতে তাও হিন্দি সিনেমার দর্শকমাত্রই জানে। হিরানির বহু দিনের ইচ্ছা ছিল তার সিনেমার কোনো নায়িকার চুল হবে বয়কাট। কিন্তু কারিনা তার লম্বা ঘন চুল কাটতে রাজি ছিলেন না। তাই প্রিয় নায়িকা কারিনাকে ছাড় দিয়েছিলেন তখন। পরে হিরানির সেই আশা পূরণ করেন আনুশকা শর্মা। তাকে ‘পিকে’ সিনেমায় বয়কাট চুলে দেখা যায়। যাই হোক, হিরানি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। তবে এতে থাকছেন না তার সব সময়ের প্রিয় অভিনেতা আমির খান। এবার তিনি বাজি ধরছেন শাহরুখ খানকে নিয়ে। দীর্ঘদিন বিরতির পর শাহরুখ ফিরতে পারেন হিরানির হাত ধরে। আর সেই সিনেমাতেই শাহরুখের বিপরীতে কারিনাকে চান পরিচালক হিরানি। একদিকে প্রিয় পরিচালক, অন্যদিকে শাহরুখ খানের মতো পুরনো বন্ধু। তাই সিনেমাটি না করার পেছনে কোনো কারণই নেই কারিনার। শাহরুখ খানের সিনেমার ‘মারজানি’ আইটেম গানটি কারিনা ফ্রিতে করে দিয়েছিলেন। যদিও তার বদলে শাহরুখ তাকে পরের সিনেমা ‘রা ওয়ান’-এ নায়িকা হিসেবে নিয়েছিলেন। কিন্তু কারিনা যে প্রচন্ড পেশাদার সে বিষয়ে সবাই জানেন। তা আবারও প্রমাণ করলেন বেবো। তিনি হিরানির সিনেমায় শাহরুখের বিপরীতে কাজ করতে ৮ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। যদিও ছবির নাম এখনো ঠিক হয়নি। তবে হিরানির এই ছবিতে শাহরুখ খানের বিপরীতেই অভিনয়ের জন্য তিনি বিপুল রুপির অঙ্ক হেঁকেছেন নির্মাতাদের কাছে। কারিনার এই বিপুল অঙ্কের পারিশ্রমিকে প্রযোজকরা রাজি হবেন কিনা, সেটিই দেখার বিষয়।

এর আগে আমির খানের বিপরীতে ‘লাল সিং চড্ডা’য় অভিনয়ের জন্য বড়সড় অঙ্কই হেঁকেছেন এই অভিনেত্রী। যদিও সে ছবির জন্য জীবনে প্রথমবার অডিশন দিতে হয়েছিল নায়িকাকে! এবার রাজকুমার হিরানির মতো পরিচালক আর শাহরুখ খানের মতো বড় নাম দেখেই কি পারিশ্রমিকের অঙ্ক এতটা বাড়িয়ে দিলেন বেবো? রাজকুমার হিরানির শেষ ছবি ‘সঞ্জু’ বক্স অফিসে ঝড় তুলেছিল। কারিনার ‘গুড নিউজ’ও ভালো ব্যবসা করেছিল। তবে দীর্ঘদিন হিটের মুখ  দেখেননি শাহরুখ। যদি শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকে, তাহলে এই ছবি দিয়েই হয়তো কামব্যাক হবে শাহরুখের। এদিকে একটি রেডিও শোতে নিয়মিত হোস্ট হিসেবে কাজ করছেন কারিনা। সামনেই মুক্তি পেতে চলেছে তার সিনেমা ‘আংরেজি মিডিয়াম’, যেখানে নায়ক ইরফান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত