মন্ত্রিসভা বৈঠক

একীভূত হচ্ছে শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০১ এএম

একীভূত হচ্ছে ঢাকা শিশু হাসপাতাল ও শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট। দুটি সংস্থাকে এক করতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২০’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদ দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিসদ সচিব জানান, ১৯৭৭ সালে শেরেবাংলা নগরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে শিশুদের সার্বিক চিকিৎসার জন্য এটি একটি পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ঢাকা শিশু হাসপাতাল কোনো আইনগত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়নি। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ঢাকা শিশু হাসপাতাল অধ্যাদেশ-২০০৮ গেজেট আকারে প্রকাশিত হয়। নবম জাতীয় সংসদের বিশেষ কমিটির সুপারিশের আলোকে তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি করা ১২২টি অধ্যাদেশের মধ্যে ৫৪টি অধ্যাদেশ অনুমোদন করা হয়। অননুমোদিত ৬৮টি অধ্যাদেশের মধ্যে ঢাকা শিশু হাসপাতাল অধ্যাদেশও রয়েছে। হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অধ্যাদেশের আলোকে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করা জরুরি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকা শিশু হাসপাতাল ও বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটকে একীভূত করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইনের খসড়া করা হয়েছে। এই আইন অনুযায়ী ইনস্টিটিউটের সুষ্ঠু পরিচালনা ও প্রশাসন সার্বিকভাবে একটি ব্যবস্থাপনা বোর্ডের ওপর ন্যস্ত থাকবে।

শিক্ষা-সংস্কৃতি বিনিময়ে বাংলাদেশ-গ্রিস চুক্তি : বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সহযোগিতা চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিশ্ব সংস্কৃতির সঙ্গে বাঙালি সংস্কৃতির মেলবন্ধন জোরদার করার জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক চুক্তি সম্পাদন ও এর আওতায় সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম পরিচালনা করে। এই প্রক্রিয়ায় ইতিমধ্যে ৪৪টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কোনো পক্ষ চুক্তি বাতিল করতে চাইলে ছয় মাস আগে লিখিতভাবে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিষয়টি অবহিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত