ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তারা হলেন যথাক্রমে শেখ রবিউল ইসলাম রবি, কাজী খায়রুজ্জামান শিপন ও ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। গতকাল সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডে প্রার্থীদের সাক্ষাৎকারের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মনোনয়ন ঘোষণা করেন।
মনোনীত তিনজনই সাংবাদিকদের বলেছেন, এক প্রতিকূল অবস্থার মধ্যে দলের সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র ফিরিয়ে আনা এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে তারা এ নির্বাচনে অংশ নিচ্ছেন।
ঢাকা-১০ আসনে মনোনয়ন পাওয়া শেখ রবিউল ইসলাম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তার বয়স ৪৮ বছর। ধানম-ি থানা বিএনপিরও সভাপতি তিনি। এ আসনে দলের মনোনয়নের জন্য শেখ রবিউল ইসলাম ছাড়া অন্য কেউ আবেদন করেননি। বাগেরহাট-৪ আসনে মনোনয়ন পাওয়া কাজী খায়রুজ্জামান শিপন বাগেরহাট জেলা বিএনপির সদস্য। তার আবেদনপত্রে বয়স লেখা হয়েছে ৪৬ বছর। অন্যদিকে গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন পাওয়া ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি। তার বয়স ৬২ বছর। তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্য।
ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নের জন্য আটজন প্রার্থী আবেদন করেছিলেন। তারা হলেন ঢাকা-১০ আসনে শেখ রবিউল ইসলাম রবি, বাগেরহাট-৪ আসনে কাজী মনিরুজ্জামান, মনিরুল হক, কাজী খায়রুজ্জামান শিপন, ফারহানা জামান নিপা এবং গাইবান্ধা-৩ আসনে সৈয়দ মইনুল হাসান সাদিক, রফিকুল ইসলাম ও মিজানুর রহমান সরকার।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডন থেকে স্কাইপেতে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন। স্থায়ী কমিটিই দলের মনোনয়ন বোর্ড। সভায় দলের মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
ঢাকা-১০ আসনে শেখ ফজলে নূর তাপস সংসদ পদ ছেড়ে দেওয়ায় এবং বাগেরহাট-৪ আসনে মোজাম্মেল ও গাইবান্ধা-৩ আসনে ইউনুস আলী সরকার মৃত্যুবরণ করায় সংসদের আসনগুলো শূন্য হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এ তিন আসনের উপনির্বাচনে আগামী ২৯ মার্চ ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।
