রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কাছে ১৮০০ সিসির দুটি ফ্ল্যাগশিপ ‘জিএল ১৮০০ গোল্ডউইং’ মোটরসাইকেল হস্তান্তর করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গতকাল সকালে তার কার্যালয়ে এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে মোটরসাইকেল দুটির চাবি
হস্তান্তর করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাৎসুকি।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড হোন্ডা এবং রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ স্টিল ও ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (বিএসইসি) যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। হোন্ডা ও তার অংশীদার বিএসইসি (শিল্প মন্ত্রণালয়ের অধীন) মুন্সীগঞ্জ জেলার আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চলে ২৫ একর জমিতে নতুন কারখানা নির্মাণে মোট ৩৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে।
মোটরসাইকেলের চাবি হস্তান্তরের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘খুব শিগগিরই এই ব্র্যান্ডের আরও ছয়টি মোটরসাইকেল এসএসএফের কাছে হস্তান্তর করা হবে।’
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপের কৃতজ্ঞতা স্মারক হিসেবে বিশ্বের অত্যাধুনিক মোটরসাইকেল দুটি উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিল্প সচিব আবদুল হালিম, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমতুল মুনিম, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরডিএ) চেয়ারম্যান ড. মো. কামরুল আহসান। আরও উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান মো. রইস উদ্দিন, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পরিচালক ও চিফ প্রোডাকশন অফিসার সইচি সাতো, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাশাহিকো ইয়ানাগিডা, উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব জামাল এ নাসের চৌধুরী, অর্থ ও বাণিজ্য বিভাগের প্রধান শাহ মোহাম্মদ আশেকুর রহমান এবং আবদুল মোনেম ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনউদ্দিন মোনেম।
সেবার মাধ্যমে বিশ্বব্যাপী মানুষের জীবনের সম্ভাবনা জাগিয়ে তোলা ও আধুনিকায়নের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে গতিশীল করার লক্ষ্য নিয়ে ২০১৯ সালে হোন্ডা প্রাইভেট লিমিটেড ‘সেফটি রাইডিং ডিপার্টমেন্ট’ স্থাপন করেছে। হোন্ডা বাংলাদেশ হোন্ডার সেফটি ট্রাফিক সেন্টার জাপানের তত্ত্বাবধানে প্রশিক্ষিত প্রশিক্ষক দ্বারা প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে, যা চলতি ফেব্রুয়ারিতে বিআরটিএ’র সহায়তায় সারা দেশে পরিচালিত হবে।
