মাসে ৭০ লিটার বাড়তি জ্বালানি পাবেন সচিবরা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৫ এএম

সচিবদের গাড়ির জ্বালানি তেল বাড়িয়েছে সরকার। আগে এই কর্মকর্তারা সর্বোচ্চ ১৮০ লিটার পেট্রল বা ২৭০ ঘনমিটার সিএনজি পেতেন। নতুন নিয়ম অনুযায়ী তারা মাসে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা ৩৫৮ ঘনমিটার গ্যাস পাবেন। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। নতুন আদেশের ফলে সর্বোচ্চ পর্যায়ের এসব কর্মকর্তা অতিরিক্ত ৭০ লিটার পেট্রল বা ৮৮ ঘনমিটার গ্যাস পাবেন। সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সচিব, সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তারা এ সুবিধা পান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৯৯৫ সালে জ্বালানি তেলের প্রাপ্যতার হার নির্ধারণ করা হয়েছিল। সেই সময়ের তুলনায় ঢাকার যানজট অনেক বেড়েছে। যানজটের কারণে বেশি জ্বালানি তেল খরচ হয়। এ কারণে প্রাপ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে মাঠ প্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে ব্যবহারের জন্য জ্বালানি তেলের প্রাপ্যতা বাড়িয়ে ২৫০ লিটার পেট্রল ও ৩৫৮ ঘনমিটার সিএনজি করা হয়।

গত বছর সচিবদের টেলিফোন ব্যবহারের সর্বোচ্চ পরিমাণও বাড়ানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত