সংসদে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

সমুদ্রে নিহত জেলেদের বীমা সুবিধা হবে

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৮ এএম

সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনায় নিহত হলে জেলেদের বীমা সুবিধা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য কানিজ ফাতেমা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৃত বা অক্ষম জেলেদের আর্থিক সুবিধা দেওয়ার লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ২০১৯ সালে নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের ‘আর্থিক সহায়তা নীতিমালা’-২০১৯ প্রণয়ন করে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত বা নিখোঁজ হলে তার পরিবারকে ৫০ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে এবং উপরিউক্ত কারণে স্থায়ীভাবে অক্ষম জেলেকে ২৫ হাজার টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিহত জেলেদের জন্য বীমা সুবিধা দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনাধীন।

মন্ত্রী জানান, প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকে। সে সময় উপকূলীয় ১২টি জেলায় নিবন্ধিত ৪ লাখ ১৪ হাজার ৭৮৪টি জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে ৩৫ হাজার ৯৪৭ মেট্রিক টন ভিজিএফ দেওয়া হয়।

নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশীদ কিরণের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে নিবন্ধিত জেলের সংখ্যা মোট ১৬ লাখ ২০ হাজার। ২০১২ থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত নিবন্ধিত এসব জেলের মধ্যে ১৪ লাখ ২০ হাজার জনের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বর্তমানে নতুন জেলেদের আইডি কার্ড বিতরণের লক্ষ্যে রাজস্ব খাতে কোড খোলা হয়েছে এবং ২০১৯-২০ অর্থবছরে এ খাতে ১০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত