খুলনায় দুর্বৃত্তদের লাঠির আঘাতে আহত আল ফায়েদ (১৭) নামে এক স্কুলছাত্র মারা গেছে। গতকাল সোমবার সকালে চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। ফায়েদ নগরীর চাঁনমারী এলাকার শওকত আলমের ছেলে। পুলিশ জানায়, গত রবিবার রাতে নগরীর চাঁনমারী বাজার এলাকায় দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে ফায়েদের মাথায় লাঠি দিয়ে ও শুভকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ফায়েদের মাথায় গুরুতর আঘাত লাগায় প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গতকাল সোমবার সকালে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়। শুভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তারা দুজনই নগরীর বিকে ইউনিয়ন স্কুলের নবম শ্রেণির ছাত্র।
খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের আটকে অভিযান শুরু করেছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে।
