দুটি বিধানে পরিবর্তন এনে কোম্পানি আইন পাস

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫০ পিএম

বিদ্যমান আইনে নিজস্ব সিল (লোগো) ব্যবহার ও দেশের বাইরে প্রতিনিধিকে ক্ষমতা অর্পণের বিধান সংশোধন করে কোম্পানি (সংশোধন) বিল ২০২০ সংসদে পাস হয়েছে। গতকাল মঙ্গলবার এটি পাস হয়। সংসদে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে বিদ্যমান আইনের ১২৯ ধারার পরিবর্তে কোনো কোম্পানির বাংলাদেশের বাইরে নিজ কার্য সম্পাদনের জন্য ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে। কোম্পানির দেওয়া সময় বা সময় উল্লেখ না দেওয়া থাকলেও ক্ষমতা অর্পণ প্রত্যাহার না করা পর্যন্ত ওই প্রতিনিধির ক্ষমতা বহাল থাকবে।

বিলে বিদ্যমান আইনের ২২৫ ধারায় উল্লিখিত ‘তাহা কোম্পানির সাধারণ সিলমোহর দ্বারা মোহরাঙ্কিত হওয়ার প্রয়োজন হইবে না’ শব্দগুলো বিলুপ্ত করা হয়েছে। বিলে বিদ্যমান আইনের ২৬২ ধারার দফা (ঘ)-এ উল্লিখিত ‘এবং তদুদ্দেশ্যে যখন প্রয়োজন হয় কোম্পানির সাধারণ সীলমোহর ব্যবহার করা’ শব্দগুলো বিলুপ্ত করা হয়েছে। এছাড়া বিলে বিদ্যমান আইনের ৩৬৩ ধারায় উল্লেখিত ‘এবং একটি সাধারণ সিলমোহর থাকিবে’ শব্দগুলো বিলুপ্ত করা হয়। এই আইনের ফলে এখন থেকে শুধু কোম্পানি রেজিস্ট্রেশন করলেই চলবে। কোম্পানির কমন সিল, সাধারণ সিল ও অফিশিয়াল সিল নিবন্ধনের দরকার হবে না।

জাতীয় পার্টি ও বিএনপির কয়েকজন সংসদ সদস্য বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত