বাবা ছিলেন ঠান্ডা মাঠার খুনে ব্যাটসম্যান। ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় পুত্রও এগোচ্ছেন ঠিক বাবার পথে। দুই মাসের মধ্যে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে সেই প্রমাণই দিলেন দ্রাবিড় পুত্র সামিত দ্রাবিড়।
গত সপ্তাহে অনুর্ধ্ব-১৪ বিটিআর শিল্ড ম্যাচে মাল্য আদিতি ইন্টারন্যাশনাল স্কুলের জার্সিতে সাই কুমারানের বিপক্ষে দুরন্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে দ্রাবিড় পুত্র।
সামিতের ইনিংসে ভর করেই মাল্য আদিতি ইন্টারন্যাশনাল স্কুল স্কোরবোর্ডে ৩৭৭ রান তোলে। ৩৩টি বাউন্ডারির সাহায্য সামিত করে ২০৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে সাই কুমারান ১১০ রানে অলআউট হয়ে যায়। সামিত বল হাতেও ২ উইকেট নেয়। সামিতের দল জয় পায় ২৬৭ রানের বিশাল ব্যবধানে।
এর আগে গত ডিসেম্বরেই অনুর্ধ্ব-১৪ পর্যায়ের ক্রিকেটে রাজ্য স্তরে ডাবল সেঞ্চুরি করেছিল সামিত। কলকাতায় ইন্টার জোনাল টুর্নামেন্টে ভাইস প্রেসিডেন্ট একাদশের জার্সিতে ধারওয়াদ জোনের বিপক্ষে সেই ইনিংস খেলে দ্রাবিড় পুত্র।
সেবার ২৫৬ বলে ২০১ করেছিল সামিত ২২টি বাউন্ডারির সাহায্যে। সেই ম্যাচেও ৩ উইকেট শিকার করেছিল সামিত। পাশাপাশি প্রথম ইনিংসেও ৯৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছিল তারকা-পুত্র। যদিও সেই ম্যাচ ড্র হয়।
