আকবরের বাস্তবতা ও ‘ঘরে’ ফেরা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৪ এএম

‘এই ফিরলেন বিকেএসপিতে?’ আকবর আলী মুখ খোলার আগেই পাশ থেকে তার এক সতীর্থের জবাব, ‘এটা তো ওর সেকেন্ড হোম।’ যদিও দিনাজপুর বিকেএসপি থেকে ২০১৫ সালে বের হয়ে সাভারের বিকেএসপিতে আসা আকবরের।

গেল ৯ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ফাইনালে হারিয়ে আকবরের নেতৃত্বে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে আকবরের ইস্পাত কঠোর স্নায়ুর পরিচয় দিয়ে দলকে জিতিয়ে আনা গোটা ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছে আলাদাভাবে।

রংপুরের ছেলে সেই আকবর দিনাজপুর থেকে পরে পাড়ি জমান সাভারের বিকেএসপিতে। স্নাতকের ছাত্রের এবারের এই আসা অবশ্য ভিন্ন ভিন্ন দুটি পরিচয় নিয়ে। প্রথমত, বাংলাদেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক। দ্বিতীয়ত, জিম্বাবুয়ের বিপক্ষে এখানেই দুইদিনের প্র্যাকটিস ম্যাচ খেলছেন বিসিবি একাদশের হয়ে।

প্রথম দুই সেশনে গ্লাভস ছিল হাতে। যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণে ওঠা ৩ ক্যাচের ২টি ধরেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। মাঝে একটু জিরিয়ে নেওয়ার ফুরসত যখন পেলেন তখন ওই প্রশ্ন।

‘জি। এই আবার এলাম প্রথম।’

তখনো মুখে হাসি লেগে আছে পাশ থেকে সতীর্থের করা মন্তব্যে। গোটা চেহারায় আজ বড় তৃপ্তির ছাপ। বিশ্ব জয় করার পরের সময়টা কেটে গেছে সংবর্ধনায়। প্রশংসায় কেবল। ফুলেল শুভেচ্ছা চারদিক। কখনো ঘোর লাগে, বুঝি সবসময় এমনই থাকবে।

তবু ফিরতে হয় বাস্তবে। উৎসবের মাঝে আকবর অনেকবার শুনেছেন ‘কেমন লাগছে’ প্রশ্নটা। এবারের প্রশ্নটা এমন, ‘এই যে এত ঘোর লাগা সেখান থেকে বাস্তবে ফেরার অনুভূতি কেমন?’ এবার বেশ সিরিয়াস আকবর, ‘হ্যাঁ, মাঝে কয়েকটা দিন অনেক আনন্দ-উৎসবে কেটেছে। কিন্তু এখন ওগুলো সব পেছনে পড়ে গেছে। এই যে আবার খেলায় ফিরলাম। এখান থেকেই আবার শুরু হয়ে গেল।’

বিশ্বকাপ জয়ের আগের আকবর কখনো খুব লাইম লাইটে ছিলেন না। বিশ্ব শিরোপা জয় তাকে তুলে নিয়েছে অনন্য উচ্চতায়। যে উচ্চতায় থেকে ১৮ বছরের এই তরুণ কীভাবে ধারাবাহিকতা দেখান সেও এক প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন, আজ সম্রাট আকবর বা গ্রেট আকবর কিংবা বাদশাহ আকবর হিসেবে যে ছেলেটি পরিচিতি পাচ্ছেন ভবিষ্যতেও সেটা ধরে রাখতে পারেন কি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত