চ্যাম্পিয়ন্স লিগে প্রি-কোয়ার্টারের প্রথম লেগে আজ রাতে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক টটেনহ্যাম ও আরবি লিপজিগ। গতবারের রানার্সআপ টটেনহ্যামের প্রতিপক্ষ লিগজিগ বুন্দেসলিগায় শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে। দু’দলই একে অপরের কাছে অপরিচিত। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে কখনো তারা একে অপরের সঙ্গে খেলেনি। টটেনহ্যাম এবার এই পর্যায়ে এসেছে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে। অপর দিকে লিপজিগ উঠেছে ‘জি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। তাই এই ম্যাচে নজর থাকবে সবার।
জার্মান ক্লাবগুলোর সঙ্গে বরাবরই ভালো পারফরম্যান্স টটেনহ্যামের। অপরদিকে লিপজিগের ব্রিটিশ অঞ্চলের ক্লাবগুলোর সঙ্গে খেলার তেমন অভিজ্ঞতা নেই। গত মৌসুমে ইউরোপা লিগের গ্রুপ পর্বে তারা খেলেছিল স্কটল্যান্ডের দল সেল্টিকের বিপক্ষে। তাতে নিজেদের মাঠে প্রথম ম্যাচ জিতেছিল ২-০ তে, পরের লেগ হারে ২-১ এ। অপরদিকে টটেনহ্যাম জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে ৪ বার। লিগে পঞ্চম স্থানে থাকলেও দু’দলের বর্তমান ফর্ম বিবেচনায় এগিয়ে টটেনহ্যাম। সবশেষ ৫ ম্যাচে ৪ জয়, ১ ড্র টটেনহ্যামের। লিপজিগের ২ ড্র, ২ হার, ১ জয়। টটেনহ্যাম এবং লিপজিগ দু’দলেই আছে ইনজুরি সমস্যা। অধিনায়ক হ্যারি কেইনকে পাচ্ছেন না মরিনহো। প্রোইন ইনজুরির কারণে অনিশ্চিত এরিক লামেলাও। লিপজিগে কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে। তাদের অধিনায়ক উইলি ওরবানের হাঁটুর ইনজুরি। টটেনহ্যাম তাদের গ্রুপ পর্বের ৬ ম্যাচে গোল করেছে ১৮টি। আর লিপজিগ নিজেদের শেষ দুই ম্যাচে কোনো গোল হজম করেনি।
ভ্যালেন্সিয়ার সামনে চমক দেখানো আতালান্তা
চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম খেলছে ইতালিয়ান ক্লাব আতালান্তা। প্রথমবার খেলতে এসেই প্রি-কোয়ার্টারে উঠেছে তারা। অথচ প্রথম চার ম্যাচ শেষে কেউ ভাবেনি এ দলটি খেলবে পরের রাউন্ড। প্রথম ৪ ম্যাচের তিনটি হার, ১ ড্র। সি গ্রুপে মাত্র ২ জয় ও ১ ড্রতেই গ্রুপ রানার্সআপ হয়েছে দলটি। অপরদিকে ভ্যালেন্সিয়া এইচ গ্রুপে শীর্ষে থেকে উঠেছে প্রি-কোয়ার্টারে। গ্রুপে গোল ব্যবধানে চেলসিকে পেছনে ফেলে গ্রুপচ্যাম্পিয়ন হয় ভ্যালেন্সিয়া। ইন্টারনেট।
