কলকারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার করার নির্দেশ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৫২ এএম

গার্মেন্টসসহ দেশের সব কল-কারখানায় ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ বা বেবি কেয়ার কর্নার স্থাপনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশ প্রাপ্তির দুই মাসের মধ্যে এটি বাস্তবায়ন করে শ্রম সচিব ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে ৬০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি রিটের পরিপ্রেক্ষিতে সম্পূরক আবেদনের ওপর শুনানি শেষে গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজাওয়ার।

অ্যাডভোকেট ইশরাত হাসান দেশ রূপান্তরকে জানান, এ নিয়ে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেছিল। সরকার পরিচালিত ও নিয়ন্ত্রিত, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্মস্থল, শপিংমল, হাসপাতাল, আদালত, বিমানবন্দর, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশনের মতো জনসমাগম (পাবলিক প্লেস) স্থানে ‘ব্রেস্ট ফিডিং কর্নার’ স্থাপন করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং এ ধরনের পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়। এছাড়া সব জনসমাগমস্থলে এ ধরনের পদক্ষেপ নিতে একটি নীতিমালা তৈরি করতে মহিলা ও শিশুবিষয়ক সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।

তিনি আরও বলেন, ‘রুলের শুনানি চলমান রয়েছে। তবে রুল জারির পরই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, লক্ষ্মীপুর ও কুড়িগ্রামের জেলা লিগ্যাল এইড অফিস, রাজধানীর টিটিপাড়ায় স্টার লাইন বাস কাউন্টার, নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ও ময়মনসিংহের সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) আদালতসহ দেশের বিভিন্ন জেলার জনসমাগম এলাকায় এ ধরনের কর্নার করা হয়। কিন্তু গার্মেন্ট কারখানাসহ দেশের কলকারখানাগুলোতে এ বিষয়টি বাস্তবায়নের ব্যাপারে অগ্রগতি নেই।’ ইশরাত হাসান বলেন, ‘লাখ লাখ নারী গার্মেন্টসে কাজ করে। এদের বেশিরভাগেরই বয়স ১৭ থেকে ৩১ বছর এবং তাদের দুগ্ধপোষ্য শিশু সন্তান রয়েছে। কিন্তু তাদের শিশুরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু তাই নয়, মায়ের বুকের দুধ সময়মতো না পাওয়ায় এসব শিশু অপুষ্টিসহ নানা অসুখে ভুগছে। যদিও গার্মেন্টস ও কলকারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার বা বেবি কেয়ার স্থাপনের বিষয়ে নীতিমালা রয়েছে। কিন্তু অনেকে তা মানছেন না। এমন পরিস্থিতিতে গার্মেন্টস ও কল কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন চেয়ে সম্পূরক আবেদন করা হলে আদালত দুই মাসের মধ্যে এটি বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিল করতে বলেছে।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত