দিনাজপুরের বোচাগঞ্জে দুই দল মাদক কারবারির ‘বন্দুকযুদ্ধে’ সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব আলী (৫৫) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার গভীর রাতে উপজেলার হাটরামপুর শালবাগানে এ ঘটনা ঘটে। উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনিপাড়ার আবদুর রহমানের ছেলে আইয়ুব ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এটিএম গোলাম রসুল জানান, সোমবার রাতে ডিবি পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলায় অভিযানে যায়। রাত ২টার দিকে উপজেলার হাটরামপুর শালবাগানের ভেতর দুপক্ষের গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ শালবনের কাছে যায়। এ সময় পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে সেখান থেকে গুলিবিদ্ধ আইয়ুবকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, টাকা ভাগাভাগি নিয়ে দুই দল মাদক কারবারির গোলাগুলিতে আইয়ুব নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারি, পকেটমারিসহ বিভিন্ন অপরাধের ১৯ মামলা রয়েছে।
