চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। বিতরণের প্রথম দিন গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির চার নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরসংশ্লিষ্ট নেতারা। প্রথম দিন মেয়র পদে ফরম সংগ্রহকারীরা হলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সহসভাপতি নিয়াজ মোহাম্মাদ খান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও সাবেক যুগ্ম সম্পাদক মো. এরশাদ উল্লাহ।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরসংশ্লিষ্ট নেতারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। এরপর ২৪ ফেব্রুয়ারি মেয়র প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চসিকের মেয়র পদে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা করা হবে। কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করতে কমিটি গঠন বিএনপির : বিএনপির দপ্তরসংশ্লিষ্ট নেতারা জানান, চসিকের ওয়ার্ড সংখ্যা ৪৩টি। এসব ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করার জন্য বিএনপির পক্ষ থেকে চট্টগ্রামের ৬ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা এস এম সাইফুল ও মঞ্জুরুল আলম মঞ্জু।
তারা কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠাবেন। কবে নাগাদ কাউন্সিলর প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হতে পারে তা জানতে চাইলে মাহবুবে রহমান শামীম দেশ রূপান্তরকে বলেন, ‘সময় উল্লেখ করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময়সীমা নির্বাচন কমিশন (ইসি) দিয়েছে তার আগেই আমরা দায়িত্বপ্রাপ্ত নেতারা কাউন্সিলর প্রার্থীদের তালিকা কেন্দ্রে জমা দেব।
