রাঙ্গামাটিতে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। কোতোয়ালি থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, বুধবার সকালে তারা সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের বোয়ালছড়ি গ্রামে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকার খবর পান। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও লাশ খুঁজে পায়নি।
ওসি বলেন, ‘যেহেতু ঘটনাটি রাঙ্গামাটি ও বরকল সীমান্তবর্তী দুর্গম এলাকায় এবং বরকল উপজেলা থেকে কাছে তাই ওখানকার পুলিশ লাশ উদ্ধারে গেছে। লাশ উদ্ধারের অভিযান চলছে। তবে যতটুকু খবর পেয়েছি নিহত ব্যক্তি প্রসিতপন্থি ইউপিডিএফের কর্মী। লাশ উদ্ধারের পর বিষয়টি আরও পরিষ্কার হবে।’
এদিকে সংগঠনটির রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে বলেন, ‘সকাল ৮টার দিকে রূপায়ণ চাকমার (উত্তরণ) নেতৃত্বে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠীর লেলিয়ে দেওয়া একদল সশস্ত্র সন্ত্রাসী স্পিডবোটযোগে এসে বোয়ালছড়ি গ্রামে সাংগঠনিক কাজে নিয়োজিত দুই ইউপিডিএফ সদস্যের ওপর অতর্কিতে ব্রাশফায়ার করে। এতে সুমন চাকমা ঘটনাস্থলে মারা যান। এরপর সন্ত্রাসীরা আরেক ইউপিডিএফ সদস্য বাবুছ চাকমা ওরফে অর্পণকে (৩১) টেনেহিঁচড়ে মারধর করতে করতে অপহরণ করে নিয়ে যায়।’ সুমন চাকমার খুনিদের বিচারের আওতায় আনা ও অপহৃত অর্পণের নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছেন তিনি।
