উমর আকমলকে নিষিদ্ধ করল পিসিবি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৭ পিএম

পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। ফলে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের পঞ্চম আসরে খেলা হচ্ছে না তার। মিডল অর্ডারের এই ব্যাটসম্যানের বিকল্প খুঁজে নিতে কুয়েতা গ্ল্যাডিয়েটরকে অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে উমর আকমলকে নিষেধাজ্ঞা দেওয়ার বিবৃতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে পিসিবি।

তাতে বলা হয়েছে, পিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালার ৪.৭.১ অনুচ্ছেদ অনুযায়ী তাৎক্ষণিকভাবে আজ থেকে উমর আকমলকে নিষিদ্ধ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর মানে পিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ক্রিকেট কার্যক্রমে অংশ নিতে পারবেন না ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। এটা একটি চলমান তদন্ত, এ ব্যাপারে পিসিবি আর কোনো মন্তব্য করবে না’

চলতি মাসের শুরুতে নিজের ফিটনেস পরীক্ষা দেওয়ার সময় ট্রেনারের সঙ্গে অশোভন আচরণ করে পিসিবি’র তদন্তের মুখে পড়েছিলেন উমর। খালি গায়ে ছবি পোস্ট করে লিখেছেলিন- “আমার শরীরে কোথায় ফ্যাট?”

তদন্ত শেষে পিসিবি জানিয়েছিল, বিষয়টা ভুল বোঝাবুঝি। তাতে উমরকে শাস্তি পেতে হয়নি। কিন্তু কোনও এক অজানা কারণে এবার নিষিদ্ধই হলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগের সময় উমর ম্যাচ ফিক্সিংয়ের একটি প্রস্তাব পেয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে এ ব্যাপারে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে রিপোর্ট করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত