বার্সেলোনা সভাপতিকে ধুয়ে দিলেন গার্দিওলা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৯ পিএম

ম্যানচেস্টার সিটির ওপর ইউরোপীয় প্রতিযোগিতায় দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ায় উয়েফার সাফাই গেয়েছিলেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। জবাবে তার একহাত দিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ পেপ গার্দিওলা।

ক্লাব লাইসেন্স ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়মে গুরুতর লঙ্ঘনের দায়ে গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে ২০২১ ও ২০২২ সালে ইউরোপের সব ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা দেয় উয়েফা। সঙ্গে ৩ কোটি ইউরো জরিমানাও করা হয়।

এমন ক্রান্তিকালে অনেকে ক্লাবটির পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু ব্যতিক্রম বার্সেলোনা সভাপতি। উয়েফা’র প্রশংসা করার পাশাপাশি ম্যানচেস্টার সিটির ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন বার্তোমেউ।

গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, “ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের জন্য উয়েফাকে আমি ধন্যবাদ দিতে চাই। গত কয়েক বছর ধরে তারা অসাধারণ কাজ করছে।”

“আমরা নিয়মিতই নানা ধরনের তদন্ত করি। ফুটবলে উয়েফা যা করছে সেসবের প্রতি আমরা সমর্থন আছে।”

বার্তোমেউয়ের এসব মন্তব্য নিয়ে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারানোর পর মুখ খুললেন সিটির কোচ গার্দিওলা। খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সেলোনার হয়ে অসংখ্য শিরোপা জেতা এই স্প্যানিশ বলেন, “আমাদের নিষিদ্ধে তারা যদি খুশি হয়, তাহলে আমি বার্সেলোনা সভাপতিকে বলব আমাদের আপিল করতে দেন।....আমরা আপিল করব। এত চিৎকার করবেন না।”

“এটা আমার উপদেশ। কারণ মাঝে মধ্যে সবাই এমন পরিস্থিতিতে পড়ে। আমরা আপিল করব। আশা করি, ভবিষ্যতে আমরা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারব।”

এদিকে, এমন পরিস্থিতিতে ক্লাব ম্যান সিটি ছাড়ার গুঞ্জনও উড়িয়ে দিলেন গার্দিওলা, “কেন আমি ছাড়ব? এক মাস আগেই আমি বলেছি, এই ক্লাবকে আমি ভালোবাসি। আমি এখানে থাকতে চাই। কেন আমি ছাড়ব?”

“আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। আমাদের যা করা দরকার আগামী তিনমাস তাতে আমাদের নজর থাকবে। এরপর আমরা এই শাস্তির ব্যাপারে ভাবব। ব্যক্তিগতভাবে আমি এখানেই থাকব।”

“আমি বলতে চাই, ক্লাবটিতে সহযোগিতা করা অব্যাহত রাখব আমি। যতক্ষণ সম্ভব এটা চালিয়ে যাব।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত