নারীদের ১০ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ০১:২০ এএম

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) ও নারীদের ১৫ কোটি টাকা ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এই ঋণের সুদ হবে ৯ শতাংশ। প্রত্যেক উদ্যোক্তা ১ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা জামানতবিহীন এই ঋণ সুবিধা পাবেন। আগামী ৫ বছরে সারা দেশের উৎপাদন সেবা খাতের নারী উদ্যোক্তারা মোট ১০ কোটি টাকা ঋণ পাবেন। বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টারের উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা।

এ লক্ষ্যে মাইডাস ফাইন্যান্সিং ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এসএমই ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আলাদা দুটি চুক্তি হয়েছে। ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চলতি মূলধন, মূলধনী যন্ত্রপাতি ক্রয়, টেকনোলজি উন্নয়ন ও সিজনাল এই ঋণের মেয়াদ তিন বছর। এখন পর্যন্ত  সাতটি চুক্তির আওতায় ঢাকার ধোলাইখাল ও বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার এবং তরুণ ২১১ উদ্যোক্তাকে ১০ কোটি ৬৬ লাখ টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম সম্প্রসারণের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের অনুকূলে ৫০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১১ বছরে এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ৩১টি ক্লাস্টার ও ক্লায়েন্টেল গ্রুপের ১৮৫৭ উদ্যোক্তাকে ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ৯২ কোটি টাকা ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন। এর মধ্যে ১ হাজার ৩৪৫ পুরুষ ও বাকি ৫১২ জন নারী উদ্যোক্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত