বাসেও ওয়াশরুম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪১ এএম

ভারতের পুনে শহরের একটি পার্কের বাইরে বের হয়ে অবাক হয়ে যান সুরভানা দোঙ্গারে। পার্কের বাইরেই দাঁড়িয়ে আছে পিঙ্ক রংয়ের শুধু নারীদের জন্য ‘ওয়াশরুম অন হুইলস’ দেখে। পরিত্যক্ত বাসকে ভ্রাম্যমাণ নারীবান্ধব ওয়াশরুম তৈরির উদ্যোগ নিয়েছেন দুই উদ্যোক্তা।

আঠার বছর বয়সী দোঙ্গারে এএফপিকে বলেন, ‘পার্কে যাওয়ার পর আমার জরুরি ভিত্তিতে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। ওই ওয়াশরুমগুলো বেশ আরামদায়ক ও নিরাপদ।’ মাত্র পাঁচ রুপির বিনিময়ে যে কোনো নারী ওই ওয়াশরুম ব্যবহার করতে পারবেন। ব্যতিক্রমী এই ওয়াশরুমে আছে শিশুদের দুধ খাওয়ানোর জায়গা, তোয়ালে ও ডায়াপার কেনার ব্যবস্থা। উদ্যোক্তা উলকা সাদালকার ও রাজিব খের ২০১৬ সাল থেকে এই প্রকল্প চালাচ্ছেন। শুরুতে তাদের প্রকল্পের নাম ছিল ‘টি টয়লেট’। মারাঠি ভাষায় টি অর্থ নারী। ওই উদ্যোক্তার ১২টি ভ্রাম্যমাণ ওয়াশরুম প্রতিদিন দুইশর বেশি নারী ব্যবহার করেন। আর ওই বাসগুলো চলে সৌরবিদ্যুতে।

শহরের নারীদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই ওই দুই উদ্যোক্তা এমন ব্যবসার শুরু করেন। আগামী পাঁচ বছরে তারা এক হাজার ভ্রাম্যমাণ ওয়াশরুম আনতে চাইছেন ভারতজুড়ে। তাদের মতে, ‘আমরা বাসগুলোকে সংস্কার করে পরিচ্ছন্ন টয়লেট হিসেবে তৈরি করেছি। এই ওয়াশরুমে টেলিভিশন, তাপমাত্রা নিয়ন্ত্রক ও একজন সহকারী সার্বক্ষণিক থাকে।’

এমনি একটি ভ্রাম্যমাণ ওয়াশরুম পরিচালনা করেন মনীশা আদভ নামের চল্লিশোর্ধ্ব এক নারী। এএফপিকে তিনি বলেন, ‘আমার খুব গর্ব হয় এই কাজ করে। মনে হয় নারীদের জন্য কিছু করছি আমি। নারীরা আমাকে আশীর্বাদ করে। শহরে নারীদের জন্য পর্যাপ্ত ওয়াশরুম না থাকায় দূরদূরান্ত থেকে তারা আসেন।’

ভারতের রাজ্য সরকারগুলোর গণশৌচাগার তৈরি নিয়ে পরিকল্পনা থাকলেও তা আলোর মুখ দেখে না। আর যাও ওয়াশরুম তৈরি করা হয়, সেগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে, তা ব্যবহার করা আর অত্যাচার সহ্য করা সমান কথা। যেসব ওয়াশরুম নারী ও পুরুষ উভয়েই ব্যবহার করতে পারেন, সেখানে নারীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এমন অবস্থায় বাসের এই ওয়াশরুম ভারতীয় নারীদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত