সাগরে চার ট্রলারসহ ২৪ বিদেশি জেলে আটক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৩ এএম

অবৈধভাবে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমা লঙ্ঘন করায় চারটি বিদেশি ট্রলার ও ২৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, গভীর সমুদ্রে সেন্টমার্টিনের ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের অর্থনৈতিক জলসীমায় অনুপ্রবেশকারী চারটি বিদেশি মাছ ধরার ট্রলার ও ২৪ জেলেকে আটক করেছে নৌবাহিনী জাহাজ ওমর ফারুক। সি হর্স, ওয়াসানা-১  ওয়াসানা-৩, সানজু পুথা-৭ নামের ট্রলার চারটি বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। বাংলাদেশের জলসীমায় নিয়মিত টহল প্রদানকালে বানৌজা ওমর ফারুক ট্রলার চারটি আটক করে। উদ্ধার ট্রলার ও জেলেদের আটক করে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তারা চট্টগ্রামে আছে। ট্রলার ও আটক জেলেদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পাদনের জন্য ফিশারিজ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশের বিশাল সমুদ্রসীমায় তিনটি বৃহৎ মৎস্য বিচরণক্ষেত্র বিদ্যমান। সর্ববৃহৎ মৎস্য বিচরণক্ষেত্রটি এশিয়ার মধ্যে অত্যন্ত মূল্যবান টুনা মাছের আদর্শ বিচরণক্ষেত্র হিসেবে সুপরিচিত। অল্পসংখ্যক দেশীয় ফিশিং ট্রলার এই বিচরণক্ষেত্রে মৎস্য আহরণ করে থাকে। তা ছাড়া বছরের নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বঙ্গোপসাগর মোটামুটি শান্ত থাকায় বিভিন্ন সময়ে বিদেশি ট্রলারও গভীর সমুদ্রে বাংলাদেশে মৎস্য আহরণের জন্য চলে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত