বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে উৎপাদন শুরু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৪:১৮ পিএম

দেশের প্রথম বেসরকারি বিটুমিন কারখানা ‘বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে’ উৎপাদন শুরু হয়েছে।

শনিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই কারখানাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পরই উৎপাদন শুরু করে প্ল্যান্টটি।

বসুন্ধরা গ্রুপের সিস্টার কনসার্ন বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড নির্মিত এই কারখানা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে উন্নতমানের বিটুমিন রপ্তানিতে সক্ষম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আমরা এত দিন দেশীয় বিটুমিন পাইনি। দেশের বাইরে থেকে আমদানি করতে হতো। দেশের চাহিদার ৯০ শতাংশ আমদানি নির্ভর। এগুলো আবহাওয়ার সঙ্গে মেলে না। সমস্যা হয়। বসুন্ধরা গ্রুপ সে সুযোগ তৈরি করে দিয়েছে।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে যাচ্ছি আমরা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে প্রাইভেট খাত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। সেই স্বপ্ন পূরণে হাজারো মানুষের কর্মসংস্থানের জোগান দিতে দেশে যারা এগিয়ে এসেছেন তাদের সম্মুখভাগে রয়েছে এই বসুন্ধরা গ্রুপ।

অর্থমন্ত্রীর বক্তব্যের পর উপভোগ্য লেজার শো প্রদর্শন করা হয়। সেখানে বাংলাদেশে প্রথম বেসরকারি খাতের উদ্যোগে গড়ে ওঠে 'বসুন্ধরা বিটুমিন প্ল্যান্ট'র চিত্র মূর্ত হয়ে ওঠে।

পরিশোধিত ক্রুড অয়েলের উপজাত থেকে তৈরি বিটুমিন সড়ক-মহাসড়ক নির্মাণে ব্যবহার করা হয়। দেশে বিটুমিনের মাসিক চাহিদা ৪২ হাজার টন। এই চাহিদা প্রতিবছর গড়ে ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত