বিসিএলেও ব্যর্থ মাহমুদউল্লাহ, ছন্দে বিজয়

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩৯ পিএম

রান পাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ টেস্ট দলে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, পারফর্ম করে টেস্ট দলে ফিরতে হবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। এরপরই বিসিএল’র ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে নামলেন দক্ষিণাঞ্চলের হয়ে। কিন্তু যেই সেই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নেমে রান পেলেন না মাহমুদউল্লাহ। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে রানের খাতা খুলতেই ফিরতে হয়েছে তাকে।

তবে মাহমুদউল্লাহর ব্যর্থতা দক্ষিণাঞ্চলকে টলাতে পারেনি। রোববার প্রথম দিনের খেলা শেষে দলটির সংগ্রহ ৬ উইকেটে ৩০৫ রান। ৩৭ রান নিয়ে ব্যাটিং করছেন শামসুর রহমান। ৮ রানে অপরাজিত আছেন ফরহাদ রেজা।

দক্ষিণাঞ্চলের এই সংগ্রহে বড় অবদান ফজলে মাহমুদ ও এনামুল হক বিজয়ের ওপেনিং জুটির। এই জুটিতে আসে ১৩৬ রান।

ছন্দে থাকা বিজয় উইকেট ছাড়া হন ৭৬ রান করে। তার ১৩১ বলের ইনিংসটিতে রয়েছে পাঁচটি চার ও একটি ছক্কার মার। এই বিসিএলে এখন পর্যন্ত তার স্কোর- ১০, ৬৪*, ১২৯, ১০৯*, ২০, ৮৩ ও ৭৬। ৯৫তম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলতে নেমে ৭ হাজার রান পূর্ণ করেছেন বিজয়।

দলীয় ১৮৯ রানে উইকেট ছাড়ার আগে ৮৬ রান করেন ফজলে মাহমুদ। ১৫৫ বলে খেলা তার ইনিংসটিতে রয়েছে নয় চার ও দুই ছক্কার মার। অন্যদের মধ্যে আল-আমিন ৩৯, নুরুল হাসান সোহান ১৮ ও মেহেদি হাসান ৩৬ রান করেন।

পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে ৫৮ রানে দুটি উইকেট নেন রুয়েল মিয়া। একটি করে উইকেট নেন আবু হায়দার রনি, সাকলাইন সজিব ও আফিফ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত