বান্দরবান সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিতে আহত হয়েছেন আরও পাঁচজন। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এক প্রত্যক্ষদর্শী। গতকাল শনিবার রাত ৮টার দিকে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে রাজবিলা ইউনিয়নের জামছড়িমুখ এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ।
নিহত বাচনু মারমা (৫৫) একই এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। মারা যাওয়া প্রত্যক্ষদর্শীর নাম বাখই মারমা (৬৫)। আহতরা হলেন সাবেক ইউপি সদস্য উচথোয়াই মারমা (৬০), মংক্যসিং মারমা (২৬), হ্লামংসিং মারমা (৩৫), আদাসে মারমা (৩২) ও ক্যমংপ্রু মারমা। তাদের বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা বলেন, সন্ধ্যার দিকে জামছড়িমুখ এলাকায় চায়ের দোকানে তারা আড্ডা দেওয়ার সময় একদল অস্ত্রধারী হঠাৎ গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও যুবলীগের চার কর্মী আহত হয়েছেন।
সদর থানার ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, ‘এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রত্যুষ পল ত্রিপুরা জানান, গুলিবিদ্ধ হয়ে একজন ও আরেকজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত বাকি পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
