তারকা সংগীত শিল্পী মিকা সিংয়ের ম্যানেজার সৌম্যা জোয়েব খান আত্মহত্যা করেছেন। মিকার স্টুডিওতেই সৌম্যাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
মুম্বাইয়ের আন্ধেরিতে চারটি বাংলো রয়েছে মিকার। সেখানকার ১৯ নম্বর বাংলোর প্রথম তলায় থাকতেন সৌম্যা।
পুলিশের ধারণা, ঘুমের ওষুধ খেয়েই আত্মহত্যা করেছেন সৌম্যা খান। কিন্তু সৌম্যার আত্মহত্যার নেপথ্যে মিকা সিং কিংবা কোনো ব্যক্তিগত টানাপোড়েন রয়েছে কিনা, সেই সন্দেহও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি জনপ্রিয় এই গায়ক। তবে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা পোস্ট করেছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সৌম্যা জোয়েব খানের মৃতদেহ আপাতত তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে। পাঞ্জাবেই হবে শেষকৃত্য।
ভারসোভা থানার এক পুলিশ কর্মকর্তা বলছেন, সৌম্যার মৃত্যুর সঙ্গে মিকার কোনো যোগসাজশ রয়েছে বলে মনে হয়নি। সম্ভবত অবসাদে ভুগছিলেন। প্রাথমিক তদন্তে এমনটাই মনে হচ্ছে। তবে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত হবে।
