কথা ছিল গত বছরের মার্চ মাস থেকে শুরু হবে রায়হান রাফির নতুন সিনেমা স্বপ্নবাজির কাজ। কিন্তু নানা কারণে শেষ পর্যন্ত স্বপ্নবাজি শুটিংয়ের মাঠে গড়াতে পারেনি।
এদিকে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি রবিবার থেকে পুরান ঢাকায় শুরু হয়েছে রায়হান রাফির স্বপ্নবাজি সিনেমার শুটিং। রায়হান রাফি জানান, প্রথম লটে তারা ৯ দিন শুটিং করবেন। ঢাকার বিভিন্ন লোকেশনে শুট হবে। প্রথম দিনের শুটে অংশ নিচ্ছেন প্রিয়ন্তী ঊর্মি, সেতু ও সুমন আনোয়ার। আগামীকাল রাত থেকে অংশ নেবেন মাহিয়া মাহি।
তবে প্রথম লটে কোনো শুট নেই সিয়ামের। এ ছবির প্রধান চরিত্রে আরও আছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। দ্বিতীয় লট শুরু হবে আগামী মাসে।
ছবিটির গল্প প্রসঙ্গে রাফী বলেন, ‘শোবিজ অঙ্গনে অনেক মডেল-নায়ক-নায়িকা আসেন স্বপ্ন নিয়ে। তারা টিকে থাকতে নানা ধরনের বাজি ধরেন। প্রেম, ভালোবাসা যেমন আছে, তেমনি আছে স্বার্থ আর কালো টাকার বাজি। কেউ টিকতে পারে, কেউ ধ্বংস হয়ে যায়। কেউ অবৈধ পথে চলে যায়। সমকামী, যৌনতার বিষয়ও ঘটে। পুরোটা মিলেই এই চলচ্চিত্র।’
বাংলাদেশ ফ্যাশন ও গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে নির্মিত ছবিটির কাহিনি রায়হান রাফির। চিত্রনাট্য লিখেছেন শাহ্জাহান সৌরভ। প্রযোজনা করছে পিএইচ এন্টারটেইনমেন্ট। রাফি জানালেন, ইচ্ছে আছে ছবিটি কোরবানির ঈদে মুক্তি দেওয়ার।
