বিসিএল ফাইনালে ফরহাদ রেজার সেঞ্চুরি

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪০ পিএম

ফজলে মাহমুদ ও এনামুল হক বিজয় আগের দিন আশা জাগিয়েও সেঞ্চুরির দেখা পাননি। তবে রবিবার সেঞ্চুরি তুলে নিলেন ফরহাদ রেজা। এই ব্যাটের অপরাজিত সেঞ্চুরির সঙ্গে শামসুর রহমান শুভ দারুণ ব্যাটিং করলেন। তাতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে পাহাড় পুঁজি গড়েছে দক্ষিণাঞ্চল।

প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল ৪৮৬ রানে থামার পর ৩ উইকেটে ১১০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। এখনো তারা পিছিয়ে আছে ৩৭৬ রানে।

দুই ওপেনার পিনাক ঘোষ ৩৮ ও মোহাম্মদ আশরাফুল ২৮ রান করে ফেরেন। ইমরুল কায়েস ২২ রানে ফিরে গেছেন। মাহমুদুল হাসান ২১ ও আফিফ হোসেন ০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

এর আগে ৬ উইকেটে ৩০৫ রান নিয়ে নতুন দিন শুরু করে দক্ষিণাঞ্চল। শামসুর ৩৭ ও ফরহাদ রেজা ৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন।

শামসুর থামেন ৭৯ রানে। তবে ফরহাদকে থামানো যায়নি। ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন তিনি। অন্যপ্রান্তে সবাই একে একে ফিরলেও ১০৩ রানে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা। ১৮৬ বলে ১০ চার ও ৫ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।

পূর্বাঞ্চলের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট নেন রুয়েল মিয়া, সাকলায়েন সজীব ও মোহাম্মদ আশরাফুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত