বাদ পড়ার ভয়ে রান করতে পারছিলেন না শান্ত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট বা ঘরোয়া ক্রিকেট, নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে দারুণ ধারাবাহিক। রাওয়ালপিন্ডি টেস্টে অন্যদের ব্যর্থতার মাঝে তার ব্যাটেই যা রান এসেছিল। যদিও দুই ইনিংসেই ফিফটির আশা জাগিয়েও পারেননি। তবে পেরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে। মাঝে বিসিএলে খেলেছেন ডাবল সেঞ্চুরির ইনিংস।

রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলার পর, শান্ত জানিয়েছেন তার বদলে যাওয়ার রহস্য। আগে জাতীয় দল থেকে বাদ পড়ার ভয়ে রান পাচ্ছিলেন না। মানসিকতা বদলে এখন নির্ভারভাবে খেলতে পারছেন বলেই রান পাচ্ছেন বলে জানান শান্ত।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। এ সময় তিনি বাজে সময় কাটানোর রহস্য জানান, ‘সত্যি কথা হচ্ছে এর আগে যখন খেলেছি, একটা ভয় কাজ করত। হয়তো খারাপ খেললে বাদ পড়ে যেতে পারি এ রকম কিছু একটা কাজ করত। এখন আমি ওরকম কিছু ভাবছি না। দলে থাকব নাকি থাকব না ওটা আমার ব্যাপার না। চেষ্টা করছি নিয়মিত ভালো খেলার।’

দারুণ সম্ভাবনাময় শান্তর টেস্ট অভিষেক হয়েছিল ২০১৭ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় টেস্ট খেলতে অবশ্য সময় লেগে যায় প্রায় পৌনে দুই বছর। মাঝে ওয়ানডে ও টি-টোয়েন্টি অভিষেকও হয় তার। কিন্তু কোনো ফরম্যাটেই শান্ত নিজেকে মেলে ধরতে পারছিলেন না।

অবশ্য রাওয়ালপিন্ডি টেস্ট থেকে তার ব্যাট নির্ভরতার কথা বলছে। শান্ত বললেন, ‘আমাদের যে কোচিং স্টাফ এখন আছে, তারা অনেক বেশি বিশ্বাস দিচ্ছেন। এগুলো (বাদ পড়া) নিয়ে ভাবতে বারণ করছে। বারবার বলছেন, তুমি অনেক বেশি সুযোগ পাবে, স্রেফ খেলায় ফোকাস করো।’

এ ছাড়া স্থানীয় কোচ সোহেল ইসলামের কাছেও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শান্ত, ‘গত দুই-তিন মাস ধরে সোহেল স্যারের সঙ্গে খুব বেশি কথা হচ্ছে। উনি একটা কথা বলেছেন, ‘‘এগুলো নিয়ে বেশি চিন্তা করিস না। বিশ্বাস করতে শিখ যে তুই এখানে রান করতে পারবি।’’ আমি তাই খেলা নিয়ে অনেক বেশি চিন্তা করি না এখন। নিজের যে স্কিল তাতেই বিশ্বাস করছি। এ জন্য আমার মনে হয় আস্তে আস্তে বড় রান আসতে শুরু করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত