তুষারাবৃত সাইবেরিয়ায় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ৪৬ হাজার বছরের এক মৃত হর্নড লার্ক পাখির মৃতদেহ। তুষারের স্তূপের তলায় চাপা পড়ে থাকায় এত বছরেও পাখির শরীরে তেমন পচন তো ধরেনি। মৃতদেহ থেকে পাখিটির জিনগত তত্ত্বও উদ্ধার করতে পেরেছেন প্রাণিবিজ্ঞানীরা। তা থেকেই জানা যাচ্ছে, সাইবেরিয়ার তুন্দ্রা এবং মোঙ্গোলিয়ার স্টেপ তৃণভূমিতে আজকের যুগে বিচরণ করা হর্নড লার্ক পাখির সংমিশ্রিত পূর্বপুরুষ এই হর্নড লার্কের মৃতদেহ। এসব তথ্য জানিয়েছেন সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান শাখার গবেষক নিকোলাস ডাসেক্স।
কমিউনিকেশনস বায়োলজিতে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে হর্নড লার্কের মৃতদেহের কথা উল্লেখ করে বিজ্ঞানীরা লিখেছেন, শেষ তুষার যুগের সময় ইউরোপ এবং এশিয়ার উত্তরাংশে বিস্তৃত এই তৃণভূমিতে একসময় দাপিয়ে বেড়াত লোমশ ম্যামথ এবং লোমশ গন্ডার। গবেষকদের মতে, সাইবেরিয়ার এই অঞ্চল আসলে স্টেপ, তুন্দ্রা এবং সরলবর্গীয় বনের পরিবেশ ছিল। শেষ তুষার যুগের সমাপ্তিকালে অঞ্চলটি তিনভাগে ভাগ হয়ে যায় উত্তরে তুন্দ্রা, মধ্যাংশে টাইগা এবং দক্ষিণে স্টেপ তৃণভূমিতে। এই পাখির মৃতদেহ থেকেই তারা বুঝতে পারবেন কীভাবে হর্নড লার্কের বিবর্তন হয়েছে, মনে করছেন বিজ্ঞানীরা।
