নারীদের অভিযান শুরু আজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৩ এএম

সালমা খাতুনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ। ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের প্রবল প্রতিদ্বন্দ্বী ভারত। অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা গ্রাউন্ডের ম্যাচটি ঘিরে বারবারই ফিরে আসছে সর্বশেষ এশিয়া কাপ ফাইনাল। ২০১৮’র ওই ম্যাচের পর এই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। কুয়ালালামপুরে এশিয়া কাপের সেই ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। প্রথমবার জিতেছিল এশিয়ান শিরোপা। সেই সাফল্যের পুনরাবৃত্তি দিয়ে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত শুরু পাবেন তো সালমারা!

শুধু তাই নয়, এশিয়া কাপের রাউন্ড রবিন পর্বেও ভারতকে হারায় বাংলাদেশ। ফাইনালের চেয়ে ওই ম্যাচের জয় ছিল আরও সচ্ছন্দে। ১৪২ রান তাড়া করে ৭ উইকেটে জেতে সালমারা। সেদিক থেকে টি-টোয়েন্টিতে ভারতের সঙ্গে টানা দুই জয়ের সুখস্মৃতি নিয়ে নামছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা রেখে এবারও বাংলাদেশ জয় পাবে? পেসার জাহানারা আলম অবশ্য এমনটা ভাবছে না, ‘এশিয়া কাপে আমরা ভারতকে দুবার হারিয়েছিলাম। কিন্তু সেটা অনেক আগে। সেখান থেকে শুধু আত্মবিশ্বাস নিতে পারি। এছাড়া আর কিছু না, আগামীকাল (আজ) নতুন একটি ম্যাচ, আমরাও এ লড়াইকে সেভাবে দেখব। এছাড়া আমরা প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছি। সেখান থেকেও ইতিবাচক দিক আছে।’

বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া আছে এই গ্রুপে। এছাড়া নিউজিল্যান্ড ও ভারত নারী ক্রিকেটে বরাবরই শক্তিশালী দল। একমাত্র দুর্বল বলতে শ্রীলঙ্কা। তবে এ দলটির সঙ্গেও বাংলাদেশ নারী ক্রিকেটারদের জয়ের জন্য লড়তে হয়েছে সময়ে-সময়ে। স্কটল্যান্ডে হওয়া বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল টুর্নামেন্টে এসেছেন সালমারা। এছাড়া এই টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর সাফল্যও আছে। তার চেয়েও নিজেদের প্রথম ম্যাচে ভরসা দিচ্ছে প্রথম নারী এশিয়া কাপ জয়ের সেই সাফল্য। কুয়ালালামপুরের কিন্নারা ওভারে সেদিন ৩ উইকেটে হারায় বাংলাদেশ। কিন্তু টাইগ্রেসদের জয় এসেছিল শেষ ওভারের চরম শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ শেষে। ফাইনালে আগে ব্যাট করা ভারতকে খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ, জাহানারা আলম ও সালমা খাতুনরা মাত্র ১১২ রানে বেঁধে ফেলে। জয়ের জন্য নেমে শেষ ওভারে লক্ষ্যে পৌঁছে ৭ উইকেট হারানো বাংলাদেশ। এশিয়া কাপ জয়ী সেই দলের সবাই আছেন বর্তমান বাংলাদেশ দলে। সেরা একাদশে সবাই আজ একই প্রত্যয় নিয়ে নামবেন ভারতের বিপক্ষে।

বিপরীতে ভারত দলে এসেছে পরিবর্তন। সেই ফাইনালে খেলা ভারতের সেরা ব্যাটসম্যান মিথালি রাজ, সেরা পেসার ঝুলন গোস্বামীসহ একতা বিস্ট ও আঞ্জু পাতিল নেই এবারের বিশ্বকাপ দলে। এসেছেন নতুন সব খেলোয়াড়। তাই বলে বাংলাদেশের জন্য নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। কারণ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নতুনদের নিয়েই শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। ম্যাচ সেরা ছিলেন লেগ স্পিনার পুনাম যাদব। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন। এশিয়া কাপ ফাইনালেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি মাত্র  ৯ রানে। আজ আবারও বাংলাদেশের পথের কাঁটা হতে পারেন পুনম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত