টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, গত শনিবার রাত ১২টার দিকে উপজেলার নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার মৃত হাকিম আলীর ছেলে সালাম তিন মানবপাচার মামলার আসামি।
পুলিশ জানায়, গত ১১ ফেব্রুয়ারি সেন্টমার্টিনে ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় ২১ জনের লাশ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি সালাম।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মানবপাচার মামলার আসামি সালামসহ কয়েকজন জুম্মাপাড়ায় একটি পাহাড়ের পাদদেশে অবস্থান করছে- সংবাদ পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ভোর রাতে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য আহত হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি এলজি, ৬ রাউন্ড কার্তুজ ও ৯ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
