প্রেস ক্লাবে আমীর খসরু

সরকারের ভয়ের কারণে জামিন হচ্ছে না খালেদা জিয়ার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৩ এএম

সরকার ভয়ে আছে, তাই খালেদা জিয়ার জামিন হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় দেশের বাইরে থাকতে হচ্ছে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে সরকারের ভয়-ভীতির প্রতিফলন ঘটছে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ নামে এক সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, সরকার নিজে ভয়ে আছে। আজ সরকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে ভয় সৃষ্টি করেছে। সেই ভয়ের কারণে আমরা শক্তিশালী অবস্থানে থেকেও প্রতিবাদ করতে পারছি না। অথচ খালেদা জিয়ার মুক্তি না হওয়া আজ বড় ধরনের প্রশ্নের সামনে দাঁড়িয়েছে। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যেখানেই যাবেন, নেত্রী কবে মুক্তি পাবেনথ এই প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হচ্ছে প্রতিদিন।

সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনের জামিন হবে কি নাথ সেটা আলোচনার বিষয় হতে পারে না। দেশের বিদ্যমান আইনে উনার জামিন হওয়ার কথা। সেটাও বাদ দিলাম, উনার যে বয়স, উনার যে স্বাস্থ্য, যে অবস্থায় উনি আছেনথ সেসব কারণেও জামিন দেওয়ার কথা। এটাও দেশের আইন। কিন্তু সেখানেও উনার জামিন হচ্ছে না।

সংগঠনের সভাপতি ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামন দুদু, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত