জিম্বাবুয়েকে পাত্তাই দিল না বাংলাদেশ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৬ পিএম

চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়েকে পেয়ে টেস্টে জ্বলে উঠল বাংলাদেশ। ইনিংস জয়ের আনন্দে মেতেছে তারা। মুমিনুল হকের দল কী এই জয়ে পাকিস্তানের কাছে রাওয়ালপিন্ডি টেস্টে ইনিংস হারের লজ্জা ঘুচাল!

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টের চতুর্থ দিনই জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারাল বাংলাদেশ। ২০১৮ সালের নভেম্বরের পর আরেকটি টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। এর আগের জয়টিও ছিল একই ভেন্যুতে জিম্বাবুয়ের বিপক্ষেই।

নিজেদের ইতিহাসে এটা বাংলাদেশের এটা দ্বিতীয় ইনিংস ব্যবধানের জয়! প্রথমটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৮ সালের নভেম্বরে ইনিংস ও ১৮৪ রানের। 

স্বাগতিক দলের স্পিন বিষে জর্জরিত ক্রেইগ আরভিনের দল একবারের জন্যও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর জোরালো বার্তা দিতে পারেনি। প্রথম ইনিংসে ২৯৫ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে করতে পারে মাত্র ১৮৯ রানে।

দ্বিতীয় ইনিংসে দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুলই গুঁড়িয়ে দেন জিম্বাবুয়েকে। দুজনে ভাগাভাগি করে নেন ৯ উইকেট। তাদের স্পিন ভেলকির সামনে বড় ইনিংস খেলতে পারেননি জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক আরভিন দ্বিতীয় ইনিংসেও করেছেন সর্বোচ্চ রান। মুমিনুল হকের অসাধারণ ফিল্ডিংয়ে রান-আউট হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ৪৯ বলে করেন ৪৩ রান।

৪১ রান করেন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া টিমাইসেন মারুমা। অন্যদের মধ্যে সিকান্দার রাজা ৩৭, রেজিস চাকাবা ১৮ ও ব্রেন্ডন টেইলর ১৭ রান করেন।

প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া অফস্পিনার নাঈম দ্বিতীয় ইনিংসে ২৪ ওভার বোলিং করে ৮২ রানে নিয়েছেন ৫ উইকেট। ৭২ রানে ৪ উইকেট নেন তাইজুল।

ম্যাচ সেরা পুরস্কারটি জিতেছেন অপরাজিত ২০৩ রানের ইনিংস খেলে বাংলাদেশের বিশাল সংগ্রহে বড় অবদান রাখা মুশফিকুর রহিম।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস : ২৬৫

বাংলাদেশ ১ম ইনিংস : ৫৬০/৬ (ইনিংস ঘোষণা)

জিম্বাবুয়ে ২য় ইনিংস: ৫৭.৩ ওভারে ১৮৯ (আগের দিন ৯/২) (মাসভাউরে ০, কাসুজা ১০, টিরিপানো ০, টেইলর ১৭, আরভিন ৪৩, রাজা ৩৭, মারুমা ৪১, চাকাভা ১৮, এনডিলোভু ৪, টিশুমা ৩, নিয়াউচি ৭*; নাঈম ২৪-৬-৮২-৫, তাইজুল ২৪.৩-৭-৭৮-৪, আবু জায়েদ ৪-৩-৪-০, ইবাদত ৫-১-১৬-০)

ফল: ইনিংস ও ১০৬ রানে জয়ী বাংলাদেশ

ম্যাচ সেরা: মুশফিকুর রহিম

×
সর্বশেষ সর্বাধিক পঠিত