বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাবিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ও কেন্দ্রীয় ভর্তি পরীক্য়ষা অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলো।
উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন, ‘ইউজিসির আয়োজনে হতে যাওয়া কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় এ বছর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মেই পরবর্তী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
বিশ্ববিদ্যালয়ের আরেক উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন, ‘শিক্ষা পরিষদের সভার সিদ্ধান্ত মতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাবে না। কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা ও শিক্ষক-শিক্ষার্থীর স্বাধীনতার বিরোধী বলে মনে করেছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। এ ছাড়া এ ভর্তি প্রক্রিয়ার ধারণাটি এখন পর্যন্ত জটিল এবং অস্পষ্ট। এ পদ্ধতিতে প্রশ্ন ফাঁসেরও আশঙ্কা রয়েছে। সেজন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এ মুহূর্তে এমন অস্পষ্ট এবং জটিল পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে।’
১২ ফেব্রুয়ারি দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইউজিসির সভায় সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা শিক্ষা পরিষদ ও সিন্ডিকেটে আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন।
