নিট গার্মেন্ট মালিকদের বৃহৎ সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) জন্য রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে বিকেএমইএ’র রপ্তানিকারকরা ইডিএফ তহবিল থেকে সর্বোচ্চ ২ কোটি ডলার ঋণ নিতে পারবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৯ কোটি ৯০ লাখ টাকা। এতদিন এই সীমা ছিল দেড় কোটি ডলার।
গতকাল বাংলাদেশ ব্যাংকের ‘বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ’ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলারে পাঠিয়েছে। স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সহায়তা দেওয়ার মাধ্যমে রপ্তানি বৃদ্ধির লক্ষ্য নিয়ে ১৯৮৯ সালে এ তহবিল তৈরি করেছিল বাংলাদেশ ব্যাংক। বর্তমানে এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫০ কোটি ডলারে।
রপ্তানি বাণিজ্যে উৎসাহ ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের সক্ষমতা বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক স্বল্প সুদের এ ঋণ সরবরাহ করছে। তৈরি পোশাক, কাপড়, সিরামিকস, প্লাস্টিক পণ্য রপ্তানিকারকদের এ তহবিল থেকে ঋণ দেওয়া হয়। এর আগে গত বছরের নভেম্বরে ইডিএফ ঋণের সুদহার ১ শতাংশ কমায় কেন্দ্রীয় ব্যাংক, যা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছিল। এর ফলে ইডিএফ তহবিলের আওতায় লন্ডন আন্তঃব্যাংক হারের (লাইবর) সঙ্গে ১ দশমিক ৫০ শতাংশ সুদে ব্যাংক থেকে এ ঋণ নিতে পারছেন রপ্তানিকারকরা, যা আগে লাইবর সঙ্গে ২ দশমিক ৫০ শতাংশ সুদ দিতে হতো।
