সাংবাদিকদের ফখরুল

বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার করবে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৩৬ এএম

পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার করবে। পিলখানা হত্যাকাণ্ডের একাদশ বার্ষিকীতে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কবরে ফুল দেওয়ার পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা বলেছেন, সঠিক বিচার হয়নি। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে দেশের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। আমরাও মনে করি, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হয়নি। তবে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচারের উদ্যোগ নেওয়া হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ঢাকা জজ আদালতে ২০১৩ সালে দেওয়া রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া ২৫৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছিল। ২০১৭ সালে দেওয়া রায়ে হাইকোর্ট ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে। ১৮৫ জনকে হাইকোর্ট যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করে।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ষড়যন্ত্রমূলক অভিহিত করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই এই হত্যাকাণ্ড। আজকে দেশের স্বাধীনতা বিপন্ন, গণতন্ত্র নেই। গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে।’

এ হত্যাকাণ্ড নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটির বিষয়ে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য আজকাল আমরা বিচার বিভাগের স্বাধীনতা দেখতে পাচ্ছি না। তাদের তদন্ত কতটুকু সত্যকে প্রকাশ করবে তা জানি না।’

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, ফজলে এলাহী আকবর, মো. শাহজাহান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত