কাটা ফল টাটকা রাখতে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:৫৭ এএম

ফল স্বাস্থ্যের জন্য ভালো হলেও বেশ খানিকটা সময় ফল কেটে রাখলে তাতে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং দ্রুত পুরো ফলে ছড়িয়ে যায়। ফলের রস অক্সিজেনের সংস্পর্শে এলে কালচে হয়ে যায় পুরো ফল। শেষ অবধি সেগুলো আর খাওয়াও যায় না। কাটা অবস্থায় ফল সতেজ রাখতে কিছু পরামর্শ

লেবুর রস

লেবুর রস মেশালে কাটা ফল ছয় থেকে আট ঘণ্টা টাটকা থাকে। কারণ লেবুর এসিড অক্সিডেশন ঠেকিয়ে রাখতে সক্ষম। তাই ফল থেকে রস বের হয়ে যায় না। কাটার পর একসঙ্গে সব ফল না মিশিয়ে আলাদা আলাদা বাটিতে রেখে তাতে লেবুর রস মিশিয়ে রাখলে ফল বেশি সময় টাটকা থাকবে।

বরফপানি

বরফপানিতে ফল ভালো থাকে তিন থেকে চার ঘণ্টা। বরফের কিউব টিফিন বক্সে রেখে দিলে ভালো হয়। বাড়িতে কেটে রাখা ফল আইস কিউবে রেখে ফ্রিজে রাখলেও টাটকা থাকবে ফল।

সাইট্রিক এসিড পাউডার

ফলের মধ্যে সাইট্রিক এসিড পাউডার অল্প ছড়িয়ে রাখলেও ফল তিন-চার ঘণ্টা টাটকা থাকে। লেবুর মতোই কাজ করে এই পাউডার।

ক্লিং ফিল্ম বা অ্যালুমিনিয়াম ফয়েল

লেবু বা সাইট্রিক এসিডের টক ভাব মেশাতে না চাইলে ক্লিং ফিল্ম বা অ্যালুমিনিয়াম ফয়েলে ফল কেটে মুড়ে রাখতে পারেন। ফয়েলের গায়ে কয়েকটা ফুটো করে রাখতে হবে। এভাবে রাখলে দুই ঘণ্টা নাগাদ ফল টাটকা থাকবে। যদিও অক্সিডেশন বন্ধ করা যায় না এ পদ্ধতিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত