আনোয়ার ইব্রাহিমই হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৯ এএম

মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ক্ষমতাসীন পাকাতান হারাপান (পিএইচ) জোট তাকে পরবর্তী প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছে। গতকাল বুধবার তার এ ঘোষণার মধ্য দিয়ে মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক সংকট নতুন মোড় নিল বলে খবর দিয়েছে আলজাজিরা।

এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেন। এরপর দেশটির রাজা সুলতান আবদুল্লাহ আহমেদ তাকে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেন।

গতকাল সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘পাকাতান হারাপান জোট পুনর্গঠনের জন্য এক বৈঠকে মাহাথির মোহাম্মদকে সভাপতিত্ব করার অনুরোধ জানানো হয়। কিন্তু মঙ্গলবারের ওই বৈঠকে তিনি উপস্থিত হতে অস্বীকৃতি জানান। এরপরই প্রেসিডেন্সিয়াল কমিটি আমাকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেয়। এখন আমরা রাজার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’ এর আগে আনোয়ার ইব্রাহিমের পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) সদস্যরাও তাকে দেশনেতা হিসেবে ঘোষণা করেন।

এখন চলমান সংকট নিরসনে রাজা সংসদের নির্বাচিত ২২২ সদস্যকে নিয়ে আগামী দুদিনের মধ্যে বৈঠক করবেন। বৈঠকে তিনি সদস্যদের মাধ্যমে প্রধানমন্ত্রী ঠিক করবেন। আনোয়ার ইব্রাহিমের দলের নির্বাচিত ৩৯ জন রয়েছেন। প্রধানমন্ত্রী হতে তাকে জোট থেকে ৬২ সদস্যের সমর্থন পেলেই চলবে।

এদিকে গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাহাথির মোহাম্মদ রাজনৈতিক অচলাবস্থার জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘একজন সাধারণ মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে। আমার পদত্যাগ যদি ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি কোনো দলের সমর্থন না নিয়ে সরকার গঠনের চেষ্টা করব। এ সরকারের একমাত্র লক্ষ্য হবে জাতীয় স্বার্থ সমুন্নত রাখা।’

মালয়েশিয়ার বর্তমান সংকটের দুটি পক্ষ হলো ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ ও তার একসময়ের ঘনিষ্ঠ ৭২ বয়সী আনোয়ার ইব্রাহিম। ২০১৮ সালে তারা পিএইচ জোট গড়ে নির্বাচনে নাজিব রাজাককে পরাজিত করেন। সে সময়ে মাহাথির পদত্যাগ করে আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেবেন এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মাহাথির সেটি বাস্তবায়ন না করায় সংকট দেখা দেয়। কিন্তু পিএইচ জোটের ৯২ আইন প্রণেতা আনোয়ার ইব্রাহিমকে সমর্থন দিলে কোণঠাসা হয়ে পড়েন মাহাথির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত