লতিফ সিদ্দিকীর দুর্নীতির মামলার বিচার বন্ধ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৩ এএম

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী লতিফ সিদ্দিকীর দুর্নীতির মামলার বিচার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ অভিযোগ গঠন প্রশ্নে রুলসহ এ স্থগিতাদেশ দেয়।

আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জেয়াদ আল মালুম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আইনজীবীরা জানান, মামলাটি অভিযোগ গঠনের পর সাক্ষ্যগ্রহণের পর্যায়ে রয়েছে।

মামলায় গত বছরের ৪ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পান লতিফ সিদ্দিকী। পরে হাইকোর্টের ওই জামিন বাতিল চেয়ে দুদক আপিল বিভাগে লিভ টু আপিল করে। গত ১৭ নভেম্বর দুদকের আপিল খারিজ হয়ে গেলে তার জামিন বহাল থাকে। অ্যাডভোকেট জেয়াদ আল মালুম দেশ রূপান্তরকে বলেন, ‘এই মামলায় অভিযোগ গঠনের পর তা বাতিল চেয়ে বগুড়ার বিচারিক আদালতে আমাদের করা আবেদন খারিজ হয়। পরে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করা হয়। হাইকোর্ট রুলসহ মামলার বিচার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে।’ দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে তারা আপিল বিভাগে আবেদন করবেন।  

টাঙ্গাইল- ৪ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী  ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে  ছিলেন। আইনজীবী সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদিঘী উপজেলায় বাংলাদেশ পাটকল করপোরেশনের জমি দরপত্র ছাড়াই কম মূল্যে বিক্রির অভিযোগ এনে ২০১৭ সালের ১৭ অক্টোবর দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে আদমদীঘি থানায় লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামি হলেন জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার জাহানারা রশিদ। মামলায় অভিযোগ, ওই পাটকল করপোরেশনের রানীনগর পাট ক্রয়কেন্দ্রের ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা মূল্যমানের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকায় বিক্রি করেন লতিফ সিদ্দিকী। এর মাধ্যমে রাষ্ট্রের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকার আর্থিক ক্ষতি হয়। তদন্ত শেষে গত বছরের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত