ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দুটি বইয়ের প্রকাশনা, বিপণন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি একুশে বইমেলা থেকে বই দুটি সরিয়ে নিতে বাংলা একাডেমির মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। বই দুটি হলো ‘দিয়া আরেফিন’ এবং ‘দিয়া আরেফিন’র নানীর বাণী’। বই দুটির লেখক দিয়ার্ষি আরাগ। তিনি মূলত ব্লগ ও ফেইসবুকে লেখালেখি করেন। বই দুটি প্রকাশ করেছে সৃষ্টিঘর প্রকাশনা।
দুটি বই নিয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আদালতের নজরে আনলে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। হাইকোর্টের এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া এগুলো হাইকোর্টের নজরে এনে নিষিদ্ধ করার আর্জি জানান।
ওই আইনজীবী সাংবাদিকদের জানান, বই দুটি নিয়ে আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি আমি হাইকোর্টের নজরে আনি। আজহারুল্লাহ ভূঁইয়া অভিযোগ করেন, বই দুটিতে ব্যক্তির ধর্ম বিশ্বাস, ব্যক্তির চিন্তা এবং ব্যক্তির পোশাক পরিধানের স্বাধীনতার ওপর আঘাত করা হয়েছে। এছাড়া এ দুটি বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ব্যক্তিগত স্বাধীনতার পরিপন্থী ও বিদ্বেষমূলক লেখা রয়েছে।
