এমন দিনের অপেক্ষায় ছিলেন আফিফ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৮ পিএম

টি-টোয়েন্টি দলে নিয়মিত গেল কিছুদিন ধরে। এবার ডাক পেয়েছেন ওয়ানডে দলে। সব ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই অভিষেক হয়ে যেতে পারে আফিফ হোসেন ধ্রুবর। ২০ বছর বয়সী অলরাউন্ডার তাই বেশ রোমাঞ্চিত। সেই সঙ্গে প্রতিজ্ঞা করছেন, শুরু থেকেই ওয়ানডে দলে থিতু হওয়ার।

টি-টোয়েন্টিতে আফিফের অভিষেক হয়েছিল ২০১৮ সালের শুরুতে। কিন্তু সেই ম্যাচে মোটেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। এরপর দ্বিতীয়বার তাকে সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছে দেড় বছরেরও বেশি সময়।

জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে মাত্র ২৬ বলে ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলার পর থেকেই টি-টোয়েন্টি দলে জায়গা পাকা আফিফের।

তবে ওয়ানডে দলে শুরু থেকেই ভালো করতে চান আফিফ, ‘অনেক দিন থেকেই রোমাঞ্চিত অনুভব করছিলাম। টি-টোয়েন্টি খেলছি, ওয়ানডেতে কবে ডাক পাব। আশাটা পূরণ হয়েছে। চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার।’

মূলত টপ অর্ডার ব্যাটসম্যান হলেও জাতীয় দলে আফিফ খেলেন লোয়ার মিডল অর্ডারে। এই জায়গা দলের চাহিদার দিকেই নজর তার, ‘দল যে পরিকল্পনা করবে, যে দায়িত্ব আমাকে দেবে, সেই অনুযায়ী খেলার চেষ্টা করব। যদি ওপরে ব্যাট করি তাহলে অবশ্যই সময় নিয়ে খেলা যাবে। নিচে খেললে দল যখন যেটা চাইবে সেই অনুযায়ী খেলব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত