খালেদা জিয়া জেলে আর আমরা চুপচাপ আছি : হাফিজ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে রাজপথে কোনো ‘প্রতিবাদী বার্তা’ দেখতে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নেত্রী দুই বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি। আর আমরা চুপচাপ বসে আছি।’ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

সরকারকে স্বৈরাচার দাবি করে হাফিজ উদ্দিন বলেন, ‘বাঙালি ব্রিটিশদের বিদায় করেছে, পাকিস্তানিদের বিদায় করেছে। আজকে চতুর্দিকে যে নীরবতা, শান্ত পরিস্থিতি; এ রকম থাকবে না। বাঙালি কোনো স্বৈরাচারকে সহ্য করেনি। স্বৈরাচারকে বিদায় করার সময় সমাগত।’

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকবেন না। গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আইনের শাসন কায়েম করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।’ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সভাপতি কালাম ফয়েজী,  বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত