সংবাদ সম্মেলনে আইইডিসিআর

বস্ত্রমন্ত্রীর করোনা আক্রান্তের খবর সঠিক নয়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৩ এএম

হাসপাতালে ভর্তি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী করোনাভাইরাসে আক্রান্ত নন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। মন্ত্রীর অসুস্থতা নিয়ে গুঞ্জনের প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ‘বস্ত্র ও পাটমন্ত্রী নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, উনি অন্য অসুস্থতা নিয়ে সেখানে গেছেন।’

সেই অসুস্থতার ধরন সম্পর্কে জানতে চাইলে আইইডিসিআর পরিচালক বলেন, ‘২২৯-ই নামের যে ভাইরাসের কথা বলাহচ্ছে সেটা একটি সাধারণ সর্দি-জ¦রের ভাইরাস, যেটা আমাদের দেশে সবসময় আছে। আমাদের দেশে যে সাধারণ সর্দি-জ¦র হয়, যেটাকে আমরা কমন ফ্লু বা কমন কোল্ড বলি, এটা সেই জাতীয় ভাইরাস।’

ওই ভাইরাস নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ারও কিছু নেই দাবি করে তিনি আরও বলেন, ‘এর জন্য আলাদা করে কোনো চিকিৎসা বা আইসোলেশনের ব্যবস্থা করার প্রয়োজন নেই।’

বস্ত্র ও পাট মন্ত্রাণলয়ের জনসংযোগ কর্মকর্তা সৈকত হালদার জানান, শারীরিক অসুস্থতা নিয়ে গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিন ব্লকে ভর্তি হন গোলাম দস্তগীর গাজী। এর আগে দুদিন তিনি রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসা নেন।

মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সৈকত হালদার গতকাল বলেন, ‘‘উনি এখন সুস্থ। আজকেও হাসপাতাল থেকে আমার সঙ্গে কথা হয়েছে। বড় কোনো সমস্যা তো হয়নি।’

এর আগে গত জানুয়ারি মাসেও শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন গোলাম দস্তগীর গাজী। সে সময় তার দপ্তর থেকে বলা হয়েছিল, মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর বলেছেন, বস্ত্র ও পাটমন্ত্রী নভেল করোনাভাইরাসে আক্রান্ত নন। করোনাভাইরাসের সাতটি ধরনের একটিতে তিনি আক্রান্ত, যেটাকে বলে ২২৯-ই। এটা কমন কোল্ড, সবারই হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত