খালেদার জামিন নিয়ে আইনমন্ত্রী

গভীরভাবে দেখে সিদ্ধান্ত দিয়েছে হাইকোর্ট

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৮ এএম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়টি গভীরভাবে দেখে হাইকোর্ট আইনি সিদ্ধান্ত দিয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার যেই চিকিৎসা প্রয়োজন, সেটির জন্য তার অনুমতি দরকার। কিন্তু তিনি অনুমতি দেননি বলে এখনো চিকিৎসা শুরু করাসম্ভব হয়নি।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা মনে হয় বিবেচনা করা উচিত, একজন যদি গুরুতর অসুস্থ হয়েই থাকেন; তার চিকিৎসার জন্য অনুমতি দেওয়াটাই স্বাভাবিক। আমরা এখানে তার (খালেদা জিয়া) অনুমতিটা যে দেওয়া হচ্ছে না সেটিকে তার দিক থেকে অস্বাভাবিকতা মনে করছি।’

আনিসুল হক বলেন, ‘চিকিৎসাটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করা যায়। চিকিৎসকরা অনুমতি না পাওয়ার বিষয়ে প্রতিবেদন দেওয়ার পর আদালত বলেছেÑ খালেদা জিয়া যেহেতু অনুমতি দেননি, এতে আমাদের করার কিছু নেই। এজন্য আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএনপি থেকে অনেক কিছু দাবি করা হয়, যেগুলো অযৌক্তিক। সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না আমি। সেগুলোর বিচার জনগণ করবেন।’

এর আগে গতকাল খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্ট খারিজ করে দেয়। আদালতের আদেশে বলা হয়, খালেদা জিয়া মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ‘অ্যাডভান্সড ট্রিটমেন্ট’ নিতে সম্মতি দিলে, দ্রুত তার উন্নত চিকিৎসা শুরু করতে হবে। উন্নত চিকিৎসার স্বার্থে বোর্ড চাইলে নতুন কোনো বিশেষজ্ঞকেও অন্তর্ভুক্ত করতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত