সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০২:২৮ এএম

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারি গ্রামের দলবদ্ধ ধর্ষণের মামলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ৬ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে জরিমানা করা হয়েছে ১ লাখ টাকা করে। জরিমানার এ অর্থ দন্ডপ্রাপ্তদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ হিসেবে ভিকটিমকে আদায় করে দেওয়ার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামের মোজাহার আলীর ছেলে রাসেল ওরফে রবিউল (২২), ভাটপিয়ারী গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল (২৩), দানেজ আলীর ছেলে রাজ্জাক (৪১), পারপাচিল গ্রামের সুলতানের ছেলে নাজমুল (২১), নূরু ওরফে নূর ইসলাম (২৩) ও আলতাফ কসাইয়ের ছেলে মোমিন (৩১)।

মামলার বিবরণীতে জানা যায়, মোবাইল ফোনে সম্পর্কের সুবাদে রাসেল ওরফে রবিউল ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে তার প্রেমিকাকে যমুনার চরে নিয়ে যায় এবং দন্ডপ্রাপ্তদের কল করে ডেকে এনে দলবদ্ধ ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আসামিদের মধ্যে সোহেল ও মোমিন পলাতক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত