ভারত সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। তিনি বলেছেন, ‘রোহিঙ্গারা যাতে স্বদেশে ফিরে যেতে পারে, সেজন্য আমরা সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছি।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প এক্স-৪-এ রোহিঙ্গাদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার। তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সংকটের পর থেকে বাংলাদেশের পাশে আছে ভারত। এরই অংশ হিসেবে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য বেশ কিছু বাড়ি তৈরি করা হয়েছে। মিয়ানমারে ফেরা রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতেও কাজ করা হচ্ছে।’
রীভা গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়নে ভারত সব ধরনের সহযোগিতা করছে। মুজিববর্ষ পালনেও আমরা দেশটির পাশে থাকব।’
এর আগে সেলাই মেশিন বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার প্রমুখ। এদিন রোহিঙ্গাদের মধ্যে প্যাডেলযুক্ত ১ হাজার সেলাই মেশিন, ৩২টি অফিস তাঁবু, ৩২টি উদ্ধার সরঞ্জাম ও ৯৯টি ফ্যামিলি তাঁবু বিতরণ করা হয়।
