রাজধানীর কেরানীগঞ্জ থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের রতনের খামার এলাকার একটি নির্জন মাঠ থেকে বালুচাপা দেওয়া অবস্থায় মোকসেদুল মোমিন (১৭) নামে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। মোমিন চুনকুটিয়া চাঁনমিয়া ওহাবুল উলুম মাদ্রাসার ছাত্র। এ ঘটনায় তার সহপাঠী ফাহিমকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম বলেন, মোটা অঙ্কের টাকা আদায় করতে ফাহিমসহ কয়েকজন মোমিনকে অপহরণ করে। জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতনের পর চাকু দিয়ে গলা কেটে তাকে হত্যা করে। পরে লাশ বালুচাপা দিয়ে মোমিনের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
মোমিনের বাবা সাহাবুদ্দিন জানান, গত সোমবার দুপুরে মোমিন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন মোবাইলে ফোন দিয়ে জানায়, মোমিনকে অপহরণ করা হয়েছে এবং তাকে পেতে হলে ২ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। এ ঘটনায় তিনি কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন। পরে দুই দফায় অপহরণকারীদের ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে দেন। বিষয়টি র্যাবকে জানালে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপহরণকারী ফাহিমকে পুরান ঢাকার নবাবপুর থেকে গ্রেপ্তার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে পদোন্নতিপ্রাপ্ত ঢাকা জেলার পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। বাকি ঘাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।
