চট্টগ্রাম বইমেলা

ইতিহাস, জীবন দর্শনে আগ্রহ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪১ এএম

বিপ্লবতীর্থ চট্টগ্রামে বিপ্লবীদের স্মৃতিবিজড়িত অনেক স্থাপনা ও ম্যুরাল রয়েছে। কিন্তু তাদের কথা পাঠ্যপুস্তকে তেমন তুলে ধরা হয়নি। তাই সূর্য সেন, ক্ষুদিরাম, প্রীতলতা, ইলা মিত্র নিয়ে লেখা বই দেখলে পাঠক থমকে দাঁড়ান। ইতিহাসনির্ভর লেখা নিয়ে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বসা বইমেলায় রয়েছে ভিন্ন একটি স্টল। সেখানে পাওয়া যাচ্ছে ভারতীয় উপমহাদেশের বিপ্লবীদের জীবন-দর্শন, ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইতিহাস নিয়ে বই। বলছি ‘বিপ্লবীদের কথা’ প্রকাশনার কথা। ২০১৩ সাল থেকে শুরু করা এ প্রকাশনী থেকে এখন পর্যন্ত ৮০টি বই প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম যুববিদ্রোহের নায়ক বিপ্লবী সূর্য সেনের বাড়ি জেলার নোয়াপাড়া গ্রামে। এছাড়া অস্ত্রাগার লুণ্ঠন করে ব্রিটিশ-ভিত কাঁপিয়ে দেওয়া বিপ্লবীদের কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম ইতিহাসে বড় জায়গা করে নিয়েছে। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে প্রীতিলতার আত্মাহুতিসহ হাজারো ইতিহাসের সাক্ষী চট্টগ্রামে বিপ্লবীদের নিয়ে, তাদের কথা ও জীবনী নিয়ে আগ্রহের কারণে ‘বিপ্লবীদের কথা’ প্রকাশনাটির প্রতি ইতিমধ্যে সবার আগ্রহ বেড়েছে। 

গতকাল বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায় স্টলটিতে বেশ ভিড় জমেছে। ফিরিঙ্গিবাজার থেকে আসা মো. ইমরুল কায়েস বলেন, ছেলে কলেজে ভর্তি হয়েছে গত বছর। তার জন্য বই কিনতে এসেছি।

স্টলের এক কর্মী বলেন, কলেজের ছাত্রছাত্রী এবং ইতিহাস-রাজনীতিতে যাদের আগ্রহ আছে, তারা আসছেন আমাদের স্টলে। গত বছরও সাড়া পেয়েছিলাম। এবারও ভালো বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত